যুক্তরাষ্ট্রে ঢুকতে ভিসা বন্ড দিতে হবে বিশ্বকাপের খেলোয়াড়দেরও

যুক্তরাষ্ট্রে ঢুকতে ভিসা বন্ড দিতে হবে বিশ্বকাপের খেলোয়াড়দেরও

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় কিছু দেশের নাগরিকদের বিশ্বকাপের খেলা দেখতে যাওয়া অনিশ্চিত। তবে দর্শক তো বটেই, খোদ বিশ্বকাপে ওঠা কয়েকটি দেশের ফুটবলারদেরই এখনো যুক্তরাষ্ট্রে পা রাখার নিশ্চয়তা মেলেনি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘ভিসা বন্ড’ নীতির কারণে কয়েকটি দেশের ফুটবলারদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বন্ড বা জামানত দিতে হতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশে খেলোয়াড়দের যাতে জামানত না দিতে হয়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিফা। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি। আগামী ২ এপ্রিল থেকে ভিসা বন্ড কার্যকর হওয়ার কথা রয়েছে।

এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণা অনুসারে বেশ কিছু দেশের নাগরিক, যাঁরা ব্যবসায়িক বা পর্যটন ভিসায় (বি-১ এবং বি-২ ভিসা হিসেবে পরিচিত) যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন, তাঁদের বড় অঙ্কের বন্ড বা জামানত জমা দিতে হবে। এই ‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ প্রোগ্রামের আওতায় আছে ৫০টি দেশ, যার মধ্যে পাঁচটি দেশ বাছাইপর্ব উতরে এখন বিশ্বকাপে খেলার অপেক্ষায়। সব কটিই আফ্রিকার—আলজেরিয়া, কেপ ভার্দে, সেনেগাল, আইভরিকোস্ট ও তিউনিসিয়া।

নিয়ম অনুযায়ী এ দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ৫ থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড বা জামানত জমা দিতে হবে। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন বলছে, ভিসা বন্ড পাইলট প্রোগ্রামে এমন কোনো শব্দ উল্লেখ নেই, যা বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আসরের খেলোয়াড়দের জামানত রাখা থেকে অব্যাহতি প্রদান করে। যেসব খেলোয়াড়ের বর্তমানে মার্কিন ভিসা নেই, তাঁরা সম্ভবত টুর্নামেন্টের সময় বি-১ বা বি-২ ভিসার জন্য আবেদন করবেন। যার ফলে সাধারণ দর্শক–সমর্থকদের মতো তাঁদেরও জামানত জমা দিতে বলা হতে পারে।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, সব ভিসা আবেদন কর্মকর্তাদের দ্বারা ব্যক্তি ধরে ধরে মূল্যায়ন করা হবে। নীতিমালায় বলা হয়েছে, আবেদনকারীদের জামানত জমা দেওয়া থেকে অব্যাহতির জন্য আবেদনের কোনো ‘প্রক্রিয়া নেই’। তবে কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য এবং কর্মসংস্থানের ওপর ভিত্তি করে বিষয়টি বিবেচনা করতে পারবেন।

এখন পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট বা ফিফা কেউই আলজেরিয়া, কেপ ভার্দে, সেনেগাল, আইভরিকোস্ট ও তিউনিসিয়ার খেলোয়াড়দের ভিসা পেতে জামানত জমা দেওয়া থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করতে পারেনি।


সূত্র: Prothom Alo

ক্যাটাগরি: চাকরির খবর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top